উপাচার্য কার্যালয়ে তৃতীয় দিনের মতো তালা দিয়ে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা।
গতকাল বুধবার আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ‘অচলের ষড়যন্ত্রের’ অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে ছাত্রলীগের নেতা-কর্মীরাও অংশ নেন।
উপাচার্য কার্যালয়ে প্রবেশের প্রধান ফটকে গতকাল তৃতীয় দিনের মতো তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন সরকার-সমর্থক ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ নামের ফোরামের শিক্ষকেরা। সকাল নয়টা থেকে বেলা চারটা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন। তাঁরা বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভাও বর্জন করেন।
শিক্ষক সমিতির সভায় বিশ্ববিদ্যালয়ের ১৪৪ জন শিক্ষক অংশ নিয়েছেন বলে জানা গেছে। সভায় দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অবিলম্বে প্রশাসনিক ভবনের তালা খুলে দিতে আন্দোলনরত শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীদের মানববন্ধন: বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দুপুর ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। ‘কতিপয় স্বার্থান্বেষী শিক্ষকের আন্দোলনের নামে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি ও তাদের নিজস্ব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় অচল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন’ লেখা ব্যানার নিয়ে তাঁরা প্রায় পৌনে এক ঘণ্টা এ কর্মসূচি পালন করেন।
কাজ শুরু করলেন নতুন নিয়োগপ্রাপ্তরা: উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদ থেকে গত ২০ এপ্রিল সরে দাঁড়িয়েছিলেন ৩৫ শিক্ষক। তাঁরা সবাই সরকার-সমর্থক ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের সদস্য।
এ অবস্থায় প্রায় দুই মাসের ছুটি শেষে গত সোমবার কাজে যোগ দিয়ে উপাচার্য নতুন প্রক্টরিয়াল বডি গঠন করেন। কিন্তু প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকায় তখন কোনো দাপ্তরিক আদেশ দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে গতকাল নতুন প্রক্টরিয়াল বডি নিয়োগের বিষয়টি দাপ্তরিক আদেশের মাধ্যমে জানানো হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তরা সবাই সরকার-সমর্থক ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের সদস্য। এই ফোরামের অন্যতম সদস্য মো. রাশেদ তালুকদার জানান, নতুন নিয়োগপ্রাপ্ত সবাই গতকাল বিকেলে যোগ দিয়েছেন।
নতুন প্রক্টর হিসেবে বন ও পরিবেশ বিভাগের শিক্ষক মো. কামরুজ্জামান চৌধুরী এবং সহকারী প্রক্টর হিসেবে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক সামিউল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক জাহিদ হাসান ও গণিত বিভাগের শিক্ষক সৈয়দ মো. ওমর ফারুক নিয়োগ পান।