উপাচার্য কার্যালয়ে দুই ঘণ্টা ও অনুষদ ভবনে সাড়ে তিন ঘণ্টা তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিনের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার দুপুরে শিক্ষার্থীরা অনুষদ ভবনে তালা ঝুলিয়ে দেন। এতে ওই অনুষদের ভেতরে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে শিক্ষার্থীরা অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে গিয়ে উপাচার্য কার্যালয় ঘেরাও করেন। এতে উপাচার্যসহ প্রশাসন ভবনের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী প্রায় দুই ঘণ্টা ভবনে আটকা পড়েন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের প্রশাসনিক কাঠামোতে কৃষি প্রকৌশল অন্তর্ভুক্ত ও বিভিন্ন ক্ষেত্রে কৃষি প্রকৌশলীদের অধিকার সংরক্ষণ, বিসিএসের মাধ্যমে প্রতিটি উপজেলায় একজন করে কৃষি প্রকৌশলী নিয়োগ, কৃষি উন্নয়ন করপোরেশনসহ বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কৃষি প্রকৌশলীদের স্বার্থ সংরক্ষণসহ ১০ দফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় গত মঙ্গলবার এ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়। শিক্ষার্থীদের ভাষ্য, মঙ্গলবার পর্যন্ত আন্দোলনের কারণে তাঁরা কেউই পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি। এ জন্য গতকাল প্রথম, দ্বিতীয় বর্ষের দুটি পরীক্ষার পরিবর্তে একটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকেরা দুটি পরীক্ষা-ই নেওয়ার জন্য শিক্ষার্থীদের চাপ দেন। এতে করে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে দুপুর ১২টার দিকে অনুষদ ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।এরপর শিক্ষার্থীরা ডিনের পদত্যাগ দাবি করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। সে সময় উপাচার্যসহ প্রশাসন ভবনের ভেতরে থাকা সব কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপদেষ্টা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের জন্য উপাচার্যের কার্যালয়ে যান। উপাচার্য ও প্রশাসনের কর্তাব্যক্তিরা ছাত্রদের ১০ দফা দাবি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে সভায় উপস্থিত কর্মকর্তা ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়।সভা শেষে বেলা পৌনে তিনটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা মো. বেলাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে ঘোষণা দেন, ‘কাল (আজ) বৃহস্পতিবার সকল প্রকার ক্লাস-পরীক্ষা স্থগিত রাখা হবে এবং আমাদের সঙ্গে শিক্ষকরা বৈঠক করে ১০ দফা দাবি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’ এ ঘোষণা পাওয়ার পর শিক্ষার্থীরা বেলা পৌনে তিনটার দিকে উপাচার্য কার্যালয় এবং বেলা সাড়ে তিনটার দিকে অনুষদ ভবনের তালা খুলে দেন।এ বিষয়ে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন অধ্যাপক বোরহান উদ্দিন জানান, ‘শিক্ষার্থীদের এ রকম আচরণে আমি অবাক হয়েছি।’ এর বেশি কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।