উপাচার্য চার ঘণ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার ১০টা সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত উপাচার্য, রেজিস্ট্রার ও শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন সংগঠনের নেতা-কর্মীরা। এর মধ্যে দুপুরে তাঁরা ক্যাম্পাসে মানববন্ধন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি গত মঙ্গলবার রাতে এক জরুরি সভা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায় ও ডরমিটরি-২ হল শাখা ছাত্রলীগ সভাপতি এস এম জাহিদকে সাময়িকভাবে বহিষ্কার করে। সেই সঙ্গে সুষ্ঠুভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ১১ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে মিছিল-সমাবেশসহ রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ওই দিন রাতেই ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।
তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা কর্তৃপক্ষের আদেশ অমান্য করেই গত মঙ্গলবার রাত নয়টা থেকে রাত দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শিক্ষক-কর্মকর্তাদের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরদিন বুধবার দুপুরে তাঁরা ক্যাম্পাসে মিছিল ও সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায় লিখিত বক্তব্যে ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর জড়িত থাকার অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করেন। পাশাপাশি ছাত্রলীগের ওই দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও উপাচার্যের পদত্যাগ দাবি করেন। তা না হলে ভর্তি পরীক্ষা শেষ হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়।
গতকাল সকাল থেকে ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী ক্যাম্পাসে অবস্থান নিয়ে দুপুরে মানববন্ধন করেন। এ সময় প্রশাসনিক ও একাডেমিক ভবনে উপাচার্য, রেজিস্ট্রার ও শিক্ষক-কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। দুপুর ১২টা ৩০ মিনিটে দিনাজপুর প্রেসক্লাবে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনেও ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষকদের যেতে দেননি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ‘এ’ ইউনিটের দ্বিতীয় ব্যাচের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ড. মো. ওয়াজেদ ভবনের ১০৩ নম্বর কক্ষে মো. আবুল হোসেন নামের এক পরীক্ষার্থীর গতিবিধি দেখে পরিদর্শকদের সন্দেহ হয়। পরিদর্শক দেখেন, আবুল তাঁর ক্যালকুলেটরের বোতাম না টিপে বারবার এর মনিটর দেখে উত্তরপত্র পূরণ করছেন। পরে পরিদর্শকেরা ক্যালকুলেটরটি পরীক্ষা করে দেখেন। এর মনিটরে প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে ভেসে উঠছিল। পরে জিজ্ঞাসাবাদে আবুল হোসেন পুরো ঘটনার সঙ্গে ছাত্রলীগের ওই দুই নেতার সম্পৃক্ততার কথা জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ শিক্ষকেরা ওই দিন রাতেই আবুলকে নিয়ে জিয়া হলের ৩২৪ নম্বর কক্ষে গিয়ে অত্যাধুনিক সার্ভার স্টেশন বসিয়ে একদল যুবককে কাজ করতে দেখেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান বাদী হয়ে আবুল হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, আবুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উপাচার্য মো. রুহুল আমিন বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।