
শিক্ষক-কর্মকর্তাদের বিরোধে দুই দফা অবরুদ্ধ হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী। গত মঙ্গলবার দিবাগত রাতে শিক্ষকেরা এবং গতকাল বুধবার সকালে কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন।
এদিকে, কর্মকর্তাদের দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষকদের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের এক দিনের মাথায় কর্মকর্তা-কর্মচারীরাও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। গতকাল বুধবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গতকাল বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা শিক্ষকদের হুমকি ও কর্মকর্তাদের অসম্মানের বিরুদ্ধে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। পরে শিক্ষার্থীরা তাঁদের দাবিদাওয়া-সংবলিত একটি স্মারকলিপি রেজিস্ট্রারের কাছে দেন।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, শিক্ষকদের হুমকি ও কর্মকর্তাদের অসম্মান কোনোটিই সমর্থনযোগ্য নয়। সাধারণ শিক্ষার্থীরা এর নিন্দা জানায়। এ সমস্যার আশু সমাধান জরুরি।
শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, সমার্তন অনুষ্ঠানস্থলে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে উপাচার্য ব্যবস্থা নিতে দেরি করায় গত মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষক সমিতি জরুরি বৈঠক করে। বৈঠকে সিদ্ধান্তের আলোকে দুই কর্মকর্তাকে বহিষ্কারসহ চার দফা দাবি নিয়ে শিক্ষকেরা রাত নয়টার দিকে উপাচার্যের বাসভবনে যান।
একপর্যায়ে শিক্ষকেরা তাঁদের দাবি পূরণের বিষয়ে লিখিত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত উপাচার্যের বাসভবন ত্যাগ করতে অস্বীকৃতি জানান। রাত ১২টার দিকে উপাচার্য দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য দাবি মানার আশ্বাস দিয়ে পরদিন সকালে তাঁর কার্যালয়ে আসতে বললে শিক্ষকেরা বাসভবন ত্যাগ করেন।
এদিকে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে উপাচার্যের আশ্বাসের খবর রাতেই পেয়ে যান অন্য কর্মকর্তারা। যার পরিপ্রেক্ষিতে কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সকাল সাড়ে আটটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন এবং উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে উপাচার্য কার্যালয়ে গিয়ে দুই পক্ষকে নিয়ে বসার আশ্বাস দিলে কর্মকর্তারা সেখান থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন।
উদ্ভূত পরিস্থিতিতে দুপুর ১২টার দিকে উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী শিক্ষক সমিতির নেতা ও কর্মকর্তাদের প্রতিনিধিদের নিয়ে পৃথক বৈঠকে বসেন। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল। একই সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য মঙ্গলবার রাতে আমাদের দাবি মেনে নিয়ে বলেছেন, তিনি বিষয়টির সুরাহা করে দেবেন। আমরা এখনো আশাবাদী।’
অন্যদিকে, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরাও উপাচার্যকে চার দফা দাবি দিয়েছি। আমাদের দাবি না মেনে কর্মকর্তাদের বিরুদ্ধে একতরফা কোনো সিদ্ধান্ত হলে তা মেনে নেওয়া হবে না।’
এ বিষয়ে উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।