উপাচার্য দুই দিন ধরে অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাসের বকেয়া বেতনের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো উপাচার্যকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। আন্দোলনরত শিক্ষকদের কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় বিকেলে একজনকে স্যালাইন দেওয়া হয়। এদিকে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার নিয়ে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিক্ষকেরা গতকাল দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালনের সময় অসুস্থ হয়ে পড়ায় বিকেল সাড়ে পাঁচটার দিকে হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহীনুর রহমানকে স্যালাইন দেওয়া হয়। দুই দিনের টানা কর্মসূচি এবং রাতে ঘুম না হওয়ায় আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে আন্দোলনরত শিক্ষকেরা জানান।

আন্দোলনরত শিক্ষক বিজ্ঞান অনুষদের ডিন হাফিজুর রহমান বলেন, শিক্ষকদের চার মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। তাঁরা ঋণ করে সংসার চালাচ্ছেন। তাই আন্দোলন করা ছাড়া বিকল্প ছিল না। সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেতনভুক্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৮৫ জন। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন ছাড়া পদ সৃষ্টি করে অতিরিক্ত ৩৩৩ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়ায় মোট সংখ্যা দাঁড়ায় ৬১৮ জন। এদিকে ইউজিসি বেতন পাঠিয়ে থাকে ২৮৫ জনের। ওই টাকার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য তহবিল থেকে টাকা যোগ করে এত দিন সবার বেতন দেওয়া হতো। চার মাস আগে সব তহবিল শূন্য হয়ে পড়ে। ইউজিসিও বেতন পাঠানো বন্ধ করে দেয়। তাই চার মাস ধরে সবার বেতন বন্ধ রয়েছে।

উপাচার্য এ কে এম নূর-উন-নবী অবরুদ্ধ অবস্থায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখানে এখন আমি বড় অসহায়। ইউজিসিকে বিষয়টি জানিয়েছি। বকেয়া বেতন দেওয়ার চেষ্টা করছি।’ ইউজিসির উদ্ধৃতি দিয়ে উপাচার্য বলেন, এ মাসের মধ্যেই একটা ব্যবস্থা করা যাবে।’

গত মঙ্গলবার প্রগতিশীল শিক্ষক সমাজ ও সাধারণ শিক্ষকদের পৃথক ব্যানারে উপাচার্যের কক্ষের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি শুরু হয়।