উপাচার্য দেড় মাস পর ক্যাম্পাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক সমিতির আন্দোলনের মধ্যেই গতকাল রোববার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেড় মাস পর ক্যাম্পাসে ফিরেছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা অবিলম্বে অনুষ্ঠিত ও শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে ক্যাম্পাসের প্রধান ফটকের বাইরে রংপুরবাসীর আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।
বেলা দুইটায় সমাবেশে রংপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোজাহার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, এস এম ইয়াসির, আলাউদ্দিন প্রমুখ।
সমাবেশ থেকে আন্দোলনকারীদের উদ্দেশে বলা হয়েছে, চার দিনের (বৃহস্পতিবার) মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। নইলে পরবর্তী সময়ে রংপুরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনরত কিছু শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের হটিয়ে দেওয়া হবে।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ফলে রংপুরবাসী একটি বিশ্ববিদ্যালয় পেয়েছে। কিন্তু সেই বিশ্ববিদ্যালয় নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। শিক্ষকদের একটি পক্ষ অযৌক্তিকভাবে আন্দোলন করায় প্রশাসনিক ও একাডেমিক সব কার্যক্রম বন্ধ রয়েছে।
বক্তারা আরও বলেন, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শেষ হয়ে তাদের শিক্ষা কার্যক্রমও শুরু হয়ে গেছে। একমাত্র রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।
অন্যদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে শিক্ষক সমিতি-সমর্থিত সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। আন্দোলনরত সংগঠন সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব পরিমল চন্দ্র বর্মণ বলেন, ‘আমাদের আন্দোলন চলবে। উপাচার্যের পদত্যাগ ছাড়া কোনো আপস হতে পারে না।’
গত ২ নভেম্বর থেকে শিক্ষক সমিতি ২৭ জন শিক্ষকের পদোন্নতিসহ আরও কয়েকটি দাবি জানিয়ে অসহযোগিতার আন্দোলন শুরু করেন।
উপাচার্য এ কে এম নূর-উন-নবী গতকাল দীর্ঘ দেড় মাস পর ক্যাম্পাসে এসে তাঁর বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘যাঁরা আন্দোলন করছেন, তাঁদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়ম অনুযায়ী ২৭ জন শিক্ষকের পদোন্নতি দেওয়া হয়েছে। এর পরও আমি তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আসুন, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ব্যবস্থা করি। আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনি।’