উপাচার্য দেশের বাইরে সিদ্ধান্তহীনতায় প্রশাসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের একাংশের অবরোধের মুখে তিন দিন ধরে অচলাবস্থা বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এ সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবরোধকারীরা ঘোষণা দিয়েছেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি সেমিনারে যোগ দিতে ৫ মে থেকে পাকিস্তানের লাহোরে অবস্থান করছেন। কিন্তু ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। সহ-উপাচার্য থাকলেও তিনি ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব না পাওয়ায় সিদ্ধান্ত নিতে পারছেন না। আগামীকাল রোববার উপাচার্যের দেশে ফেরার কথা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আলমগীর চৌধুরী বলেন, ‘ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। সহ-উপাচার্য তাঁর রুটিন ওয়ার্ক (দৈনন্দিন কাজ) করছেন।’
ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে কেউ না থাকায় এই অচলাবস্থার সমাধান করা সম্ভব হচ্ছে না? এ প্রশ্নে তিনি বলেন, ‘উপাচার্য মহোদয় পরশু (রোববার) দেশে ফিরবেন। তিনি এলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
এ বিষয়ে জানতে সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত পাঁচ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে শাখা ছাত্রলীগের একাংশের হাতে লাঞ্ছিত হন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির হায়দার। এর পর থেকে তাঁর অনুসারীরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বিভিন্ন আন্দোলন করে আসছিলেন। সর্বশেষ গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও প্রক্টরের অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন তাঁরা। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানায় গত বুধবার নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে শাটলের চালককে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যান অবরোধকারীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসও আটকে দেন তাঁরা। এ কারণে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের সড়ক ও রেল যোগাযোগ বন্ধ থাকে। এর পরদিন গত বৃহস্পতিবারও শাটল ট্রেনের চালকের ওপর হামলা করে ট্রেন চলাচল বন্ধ ও বাসচালকদের হুমকি দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন অবরোধকারীরা। এসব ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা শাটল ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরের সঙ্গে বৈঠক করেছিলাম। তিনিও এ বিষয়ে কিছু বলেননি। এভাবে শাটল ট্রেন চালানো সম্ভব নয়।
শাটল ট্রেনের চালকের ওপর হামলা, অপহরণসহ নানা দাবিতে আগামীকাল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে বেলা ১১টায় এক ঘণ্টা সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাখার কর্মসূচি পালন করা হবে বলেও জানান।
এদিকে নাসির হায়দারের সমর্থক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিশ্ববিদ্যাল শাখার সহসভাপতি অমিত কুমার বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন বলেন, ‘বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ এখন পর্যন্ত আমাদের সঙ্গে দাবিদাওয়ার বিষয়ে যোগাযোগ করেনি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।’