উপাচার্য না থাকায় ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পাঁচ শতাধিক ভাস্কর্য তছনছের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ। তবে উপাচার্য ও সহ-উপাচার্য পদ শূন্য থাকায় এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ার গতকাল বুধবার বলেন, ‘আমরা এ ঘটনার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর ও অনুষদের ডিনের কাছে চিঠি দিয়েছি। উদ্ভূত পরিস্থিতির জন্য যারা জড়িত, তদন্ত করে তাদের সবার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি। প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেব আমরা।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আমাদের যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে, সেটিও আমরা নেব।’

গত সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সামনে খোলা জায়গায় রাখা পাঁচ শতাধিক ভাস্কর্য ওলট-পালট করে রাখার ঘটনা ঘটে। বিভাগের দুই শিক্ষার্থী ভাস্কর্য তছনছের এ দায় স্বীকার করেছেন। তাঁদের ভাষ্য, অপর্যাপ্ত নিরাপত্তা, একাডেমিক বিশৃঙ্খলার প্রতিবাদে এবং এ নিয়ে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণের জন্য ৩০-৪০ জন শিক্ষার্থী মিলে ভাস্কর্যগুলো উল্টিয়ে রেখে যান।

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে অপারগতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান প্রথম আলোকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির বিষয়ে লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেই। এ ঘটনায় ব্যবস্থা নিতে গেলে তদন্ত কমিটি করতে হবে। আর উপাচার্য, সহ-উপাচার্য না থাকলে সেই সিদ্ধান্ত কেউ নিতে পারে না।’

এদিকে পোড়া মবিল ছুড়ে আলপনা নষ্ট করা এবং ভাস্কর্য নিয়ে বিতর্কের প্রতিবাদে গতকাল মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভাস্কর্য তছনছের প্রতিবাদ করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জোটের সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেন। বক্তব্য দেন কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক, প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, শিক্ষক রাজকুমার সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী শাখার সভাপতি কল্পনা রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ প্রমুখ।