জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটের ৩০তম সভা
উপাচার্য নির্বাচন, শিক্ষার্থীদের বৃত্তি বাড়ানোসহ নানা দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেটের ৩০তম বার্ষিক সভায় উপাচার্য নির্বাচন, জাকসু নির্বাচন, শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধি ও ছাত্র সংগঠনগুলোর সহ-অবস্থান নিশ্চিতকরণসহ নানা দাবি জানিয়েছেন সিনেট সদস্যরা। গত মঙ্গলবার বিকেলে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব দাবি জানানো হয়। বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত সভায় কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, সহ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মুনিরুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। রাত ১০টার দিকে ২০১০-১১ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের ৮২ কোটি ১৫ লাখ টাকার সংশোধিত ও ২০১১-১২ অর্থবছরে ৮৪ কোটি ৩৫ লাখ টাকার মূল বাজেট পাসের মধ্য দিয়ে সিনেট অধিবেশনের সমাপ্তি হয়।সভায় সিনেট সদস্য অধ্যাপক সোহেল রানা বলেন, বিশ্ববিদ্যালয়ের ’৭৩-এর অধ্যাদেশ অনুসারে উপাচার্য প্যানেল নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে এনে সহ-অবস্থান নিশ্চিতকরণ ও ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদারের জন্য সীমানাপ্রাচীর নির্মাণের দাবি জানান। সিনেট সদস্য এ এইচ এম সদরুল আলম বলেন, ছাত্রদের সব বিষয়ে স্বাধীনতা থাকতে হবে। ক্যাম্পাসে সুষ্ঠু ছাত্র রাজনীতি চর্চার সুযোগ থাকতে হবে। আর এ ক্ষেত্রে তিনি নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র সংসদ চালু করার দাবি জানান।সিনেট সদস্য মোবারক আহমদ খান বলেন, বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকেরা নয় মাসের বেতন পান। বিভিন্ন গবেষণার মাধ্যমে তাঁরা বাকি বেতনের সমপরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হন। এই পন্থা অবলম্বন করে বিশ্ববিদ্যালয়ের এ বছরের ঘাটতি বাজেটে আমাদের অবদান রাখতে হবে। ছাত্র বৃত্তি বৃদ্ধি প্রসঙ্গে সিনেট সদস্য মো. তারেক চৌধুরী বলেন, ‘২০ বছর আগে ছাত্ররা মাসিক ১২৫ টাকা বৃত্তি পেত। এখনো তারা সেই একই হারে বৃত্তি পাচ্ছে। শিক্ষার্থীদের বেতন বাড়ানোর চিন্তার পাশাপাশি তাদের শিক্ষাবৃত্তি বাড়ানোর দিকেও আমাদের দৃষ্টি দিতে হবে।’সিনেট সদস্যদের বক্তব্যের জবাবে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, সময়মতোই উপাচার্য প্যানেলের নির্বাচন দেওয়া হবে। বিভিন্ন কারণে ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা নির্বিঘ্ন করা ও সীমানাপ্রাচীর নির্মাণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়া ছাত্র সংসদ নির্বাচনেরও আশ্বাস দেন তিনি। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের বেতন বাড়ানোর বিকল্প নেই। তবে শিক্ষার্থীদের বৃত্তিসহ অন্যান্য সুযোগ-সুবিধার দিকেও সমপরিমাণ গুরুত্ব দেওয়া হবে।