উপাচার্য নির্বাচনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিনেটের বৈধতা চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য সিনেটের বিশেষ সভা হতে আইনি বাধা থাকল না।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। শুনানিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী কামাল-উল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিনেটের বৈধতা চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক রিট আবেদন করলে গত ৫ মে প্রাথমিক শুনানি নিয়ে রুল দেন আদালত।
উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য গত ২৩ মে সিনেটের বিশেষ সভা ডাকা হয়। তখন ওই তিন শিক্ষক নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করলে গত ২১ মে আদালত সিনেট সভার ওপর স্থগিতাদেশ দেন। পরে গতকাল চূড়ান্ত শুনানি নিয়ে রিট আবেদনটি খারিজ করে দেন আদালত।