বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। গতকাল রোববার সংবাদ সম্মেলন করে সরকারের প্রতি তারা এ দাবি জানায়।
বিশ্ববিদ্যালয় ও শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি খন্দকার শরীফুল ইসলাম। এ সময় সমিতির কার্যনির্বাহী কমিটির ১১ সদস্যের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন খন্দকার শরীফুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিন সপ্তাহ আগে উপাচার্য পদত্যাগ করার পর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়েছে। প্রশাসনিক পদগুলোতে শিক্ষকেরা না থাকায় শিক্ষা ও গবেষণা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চশিক্ষার্থে বিদেশ গমন, শিক্ষাসফর, শিক্ষাবৃত্তি এবং দেশি-বিদেশি অর্থায়নে ২০০ গবেষণা প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন পরিশোধ করা অনিশ্চিত হয়ে পড়েছে। ডেইরি ও পোলট্রি খামারে পশু-পাখির খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। উপাচার্য নিয়োগ দিলেই সব সমস্যা সমাধান হবে।
এ ছাড়া সংবাদ সম্মেলনে শিগগিরই একজন স্থায়ী উপাচার্য নিয়োগ বা বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ সম্পাদন ও আর্থিক লেনদেন করার ক্ষমতা দিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। আর তা-না হলে বিশ্ববিদ্যালয়ের অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়ে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হতে পারে বলে আশঙ্কা করেন ওই শিক্ষক প্রতিনিধিরা।