আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিদেশি শিক্ষাবিদসহ ১৩ সদস্যের উপদেষ্টা কমিটির বিধান রেখে প্রস্তাবিত ডিজিটাল ইউনিভার্সিটি আইনের খসড়া তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে থাকবে সার্চ কমিটি। শিগগিরই খসড়াটি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।আইন ও ধারণাপত্র তৈরি কমিটির প্রধান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য মো. আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, আইনের খসড়া তৈরির কাজ প্রায় চূড়ান্ত। যত দ্রুত সম্ভব খসড়াটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির প্রসারে গাজীপুরে ডিজিটাল ইউনিভার্সিটি নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া আইন অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে পাঁচ সদস্যের সার্চ কমিটি থাকবে। কমিটির চেয়ারম্যান হবেন চ্যান্সেলর মনোনীত শিক্ষাবিদ। সদস্য হিসেবে থাকবেন ইউজিসির চেয়ারম্যান ও তিনজন শিক্ষাবিদ। সচিবের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। কমিটি উপাচার্য নিয়োগের জন্য তিনজন শিক্ষাবিদের একটি প্যানেল চ্যান্সেলরের কাছে উপস্থাপন করবেন। সেখান থেকে চ্যান্সেলর একজনকে চার বছরের জন্য নিয়োগ দেবেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয় কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি প্রথা চালু করেছিল। তখন কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে উপাচার্য নিয়োগও হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সার্চ কমিটি বাতিল করা হয়।খসড়া আইন অনুযায়ী ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে ১৩ সদস্যের উপদেষ্টা কমিটির সদস্যরা হবেন শিক্ষা, অর্থ এবং বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, চ্যান্সেলর মনোনীত অন্য কোনো দেশের অন্যূন দুজন বিশিষ্ট শিক্ষাবিদসহ পাঁচজন শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, চ্যান্সেলর মনোনীত একই বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিশেষায়িত এ আবাসিক বিশ্ববিদ্যালয় মূলত স্নাতকোত্তর পর্যায় ও গবেষণামূলক প্রতিষ্ঠান হবে। খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয়: খুলনায় নতুন একটি কৃষি বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের জন্য জরুরি ভিত্তিতে আইনের খসড়া ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করে জমা দিতে ইউজিসিকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে আইনের খসড়া তৈরির জন্য ইউজিসির সদস্য মো. আবদুল হাকিমকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সায়েদুল হক চৌধুরী ও ইউজিসির উপসচিব ফেরদৌস জামান (সদস্যসচিব)। ইউজিসির সচিব মো. খালেদ বলেন, খসড়া আইন তৈরির জন্য কমিটি করা হয়েছে। খসড়া আইন তৈরি হলে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। জানা গেছে, গত মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার খালিশপুরে এক জনসভায় খুলনায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেওয়ার পর এ নিয়ে তৎপরতা শুরু হয়।রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থমকে গেছে: জায়গার সমস্যার কারণে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া থমকে আছে। ইউজিসি সূত্র জানায়, রাঙামাটিতে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত জায়গার বিরোধিতা করেছে স্থানীয় একটি রাজনৈতিক সংগঠন।নতুন দুই বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে ক্লাস শুরু: গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে (২০১১-১২) ভর্তি শুরু হচ্ছে। গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খায়রুল আলম খান জানান, বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে চারটি অনুষদের অধীনে ইংরেজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থ ও ইলেকট্রনিকস, গণিত এবং ব্যবস্থাপনা—এ পাঁচটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশীদ খান জানান, তাঁদের বিশ্ববিদ্যালয়ও একই শিক্ষাবর্ষ থেকে (২০১১-১২) ছয় বিষয়ে শিক্ষার্থী ভর্তি করবে। এগুলো হলো ইংরেজি, অর্থনীতি, গণিত, সমাজবিজ্ঞান, ম্যানেজম্যান্ট স্টাডিজ ও মার্কেটিং।