উপাচার্য নিয়োগের দাবিতে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগের দাবিতে গতকাল রোববার ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এতে চুয়েটের সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন সংগঠনের সদস্যরাও অংশ নেন। তবে বিশেষ ব্যবস্থায় পুরকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীদের ক্লাস হয়েছে।প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাসের মেয়াদ শেষ হওয়ার পর এখনো এই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে উপ-উপাচার্য, এমনকি ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবেও কেউ নেই। এতে স্থবির হয়ে পড়েছে চুয়েটের প্রশাসনিক কার্যক্রম। থেমে আছে একাধিক উন্নয়নকাজ। প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।এ সমস্যার সমাধানকল্পে চুয়েট ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনও পৃথক বিবৃতি দেয়। বিবৃতিতে অবিলম্বে নতুন একজন প্রগতিশীল উপাচার্য নিয়োগের দাবি জানানো হয়। বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো: চুয়েট ডিবেটিং সোসাইটি, সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি, পরিবেশ ও মনবতাবাদী সংগঠন গ্রিন ফর পিস।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপাচার্য না থাকার ফলে সৃষ্ট এ স্থবিরতার বিষয়টি ইতিমধ্যে লিখিত ও মৌখিকভাবে কয়েক দফায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত দিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চুয়েটের নিবন্ধক (রেজিস্ট্রার) প্রকৌশলী মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য নিয়োগের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তবে আমরা আমাদের সমস্যার ব্যাপারে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।’