প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা লাগাতার ক্লাস বর্জনের পাশাপাশি গতকাল মঙ্গলবার চুয়েটের প্রধান ফটকসংলগ্ন চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় তাঁরা দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিলও করেন। কর্মসূচিতে শিক্ষার্থীরা অবিলম্বে উপাচার্য নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে তিন দিনের সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না এলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলন দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। অবরোধের সময় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ প্রসঙ্গে চুয়েটের রেজিস্ট্রার মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের কথা আমি শুনেছি। তাঁরা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন।’