উপাচার্য নিয়োগের দাবিতে চুয়েট শিক্ষক সমিতির মৌন মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক সমিতির সদস্যরা গতকাল রোববার ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন। বেলা ১১টায় মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে ছাত্রী হল মোড় হয়ে আবারও গ্রন্থাগার চত্বরে এসে শেষ হয়। মৌন মিছিলে বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। মৌন মিছিল শেষে চুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম খান এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মীর মু. সাক্বী কাওসার। সমাবেশে বক্তারা অতিসত্বর উপাচার্য নিয়োগের দাবি জানান এবং এ ব্যাপারে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে একজন জ্যেষ্ঠ, ন্যায়পরায়ণ এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় দক্ষ ও স্বনামধন্য প্রকৌশল শিক্ষাবিদকে চুয়েটের উপাচার্য পদে নিয়োগেরও দাবি জানান। এ ছাড়া সমাবেশে শিক্ষক সমিতির নেতারা ২৫ মার্চ মানববন্ধন ও ২৭ মার্চ অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করতে শিক্ষক সমিতির সবাইকে আহ্বান জানান। সমাবেশে উপস্থিত ছিলেন রণজিৎ কুমার সূত্রধর, মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া, রেহায়েত করিম, মো. আবদুর রহমান ভূঁইয়া, কৌশিক দেব, রিয়াজ আক্তার মল্লিক প্রমুখ। এদিকে একই দাবিতে শিক্ষার্থীরা ৪ মার্চ থেকে এখন পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন।