উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল-ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্য নিয়োগের দাবিতে গতকাল মঙ্গলবার আবারও ক্লাস বর্জন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া শিক্ষার্থীরা ‘চুয়েটের প্রয়োজন, নতুন ভিসির আগমন’ স্লোগানে বিক্ষোভ মিছিল করেন ও লাগাতার ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা দেন। মিছিলটি চুয়েটের গোলচত্বর থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন ও বিভাগ হয়ে আবার গোলচত্বরে শেষ হয়। এ কর্মসূচিতে চুয়েটের শিক্ষার্থীরা অবিলম্বে প্রশাসনিক কার্যক্রমের স্থবিরতা নিরসনে দ্রুত উপাচার্য ও সহ-উপাচার্য নিয়োগের দাবি জানান।জানা যায়, শিক্ষার্থীরা ফ্যাক্সযোগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিমের দপ্তরে উপাচার্য ও সহ-উপাচার্য নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছেন।স্মারকলিপি পাঠানোর ব্যাপার নিশ্চিত করে সাধারণ শিক্ষার্থীর পক্ষে চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিয়াজ মোর্শেদ বলেন, ‘সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।’ এদিকে উপাচার্য নিয়োগবিষয়ক শিক্ষার্থীদের এ কর্মসূচি নিয়ে গতকাল বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, ডিনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় শিক্ষাকার্যক্রমের এ স্থবিরতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।প্রসঙ্গত, চুয়েটে ৩৮ দিন ধরে উপাচার্যের পদে কেউ নেই। গত ২৮ জানুয়ারি উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাসের মেয়াদ শেষ হওয়ার পর এখন পর্যন্ত এ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে সহ-উপাচার্য, এমনকি ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবেও কেউ নেই।