উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষক সমিতির ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ওই প্রতিষ্ঠানেরই একজন প্রাজ্ঞ ও যোগ্য শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছে। গতকাল রোববার চুয়েটের প্রশাসনিক ভবনের সামনে সমিতির নেতারা এই কর্মসূচি পালন করেন।কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, দুই মাসের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটিতে উপাচার্য নেই। এই দীর্ঘ সময়ে উপাচার্য নিয়োগের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় তাঁরা হতাশ। সমিতির নেতারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে একজন দক্ষ, ন্যায়পরায়ণ ও জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মু সাক্বী কাওসার বলেন, ‘রাজনৈতিক তদবিরের জোরে নয় বরং যোগ্যতার বিচারে উপাচার্য নিয়োগ চাই।’সমিতির সদস্যরা চুয়েটের প্রশাসনিক ভবনের সামনে দুই ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট ও বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।