উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরের কাউকে উপাচার্য নিয়োগ করা হলে তা মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রোববার উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে শিক্ষকেরা এ ঘোষণা দেন। চুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষিকারা অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক সমিতির সদস্যরা চুয়েটের ভেতর থেকে একজন দক্ষ, ন্যায়পরায়ণ ও জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য পদে নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া শিক্ষক সমিতির নেতারা ২৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি কর্মসূচি সফলভাবে পালন করতে শিক্ষক সমিতির সবার প্রতি আহ্বান জানান। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন সমিতির সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম খান ও সাধারণ সম্পাদক মীর মু. সাক্বী কাওসার। এ ছাড়া মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন চুয়েটের সিন্ডিকেট সদস্য ও যন্ত্রকৌশল অনুষদের ডিন মো. তাজুল ইসলাম, সিন্ডিকেট সদস্য ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আবদুর রশীদ প্রমুখ।