উপাচার্য নেই, শিক্ষক-কর্মকর্তাদের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহ তাঁর মেয়াদ শেষ করে ১৫ অক্টোবর চুপিসারে বিদায় নিয়েছেন। আর কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার বর্তমানে থেকেও নেই। অন্য দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দুটি পক্ষ রয়েছে পাল্টাপাল্টি কর্মসূচিতে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়টির সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, সদ্য বিদায়ী উপাচার্য সাইফুদ্দিনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জমি বিক্রি করার অভিযোগ ওঠে। এই অভিযোগ মাথায় নিয়েই তিনি মেয়াদ শেষ করে ১৫ অক্টোবর বিদায় নেন। নতুন উপাচার্য নিয়োগ করা হয়নি এখনো। ফলে ১৬ অক্টোবর থেকেই বিশ্ববিদ্যালয়টি উপাচার্যহীন অবস্থায় রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী, উপাচার্যের কোনো কাজ করতে পারেন না সহ-উপাচার্য। উপাচার্য বিদায় নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ফকির আবু হোসেন অসুস্থতা দেখিয়ে শুধু বিকেলে ক্যাম্পাসে আসছেন। আবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবদুল মান্নান জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। ১৭ অক্টোবর থেকে তিনি ক্যাম্পাসে আসছেন না।অন্য দিকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একাংশ বিশ্ববিদ্যালয়ের জমি জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার, তিনজন ডিনের কারণ দর্শানোর নোটিশ এবং তিনজন কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে এক মাস ধরে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। এই অংশটি এসব দাবিতে প্রশাসনিক এবং একাডেমিক কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। অপর অংশটি বিশ্ববিদ্যালয়ের জমি জালিয়াতির সঙ্গে জড়িতদের শাস্তি, ভর্তি পরীক্ষা ভণ্ডুল, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আইনানুগ বিচারের দাবিতে প্রতিদিন মানববন্ধনের পাশাপাশি স্মারকলিপি দিয়েছেন। উপাচার্যহীন ক্যাম্পাসে দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীসহ অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।সহ-উপাচার্য ফায়েক-উজ্জামান বলেন, অধ্যাদেশ অনুযায়ী তিনি উপাচার্যের কোনো কাজ করতে পারেন না। আবার রেজিস্ট্রারের অনুপস্তিতিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। বর্তমানে তিনি (সহ-উপাচার্য) শুধু রুটিনমাফিক কাজ করছেন। পাশাপাশি বিবদমান দুই পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে দ্রুত উপাচার্য নিয়োগ করা না হলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে।শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একাংশের নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের জমি জালিয়াতিতে চিহ্নিত জড়িতদের বিচারের আওতায় আনাসহ অন্যান্য দাবি মানা হলে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নেবেন। অপর অংশের অন্যতম নেতা অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক সারোয়ার জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এককথায় বিশ্ববিদ্যালয়টি অচল হওয়ার পথে। দ্রুত একজন উপাচার্য নিয়োগ দিয়ে পরিবেশ স্বাভাবিক করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।উপাচার্যের দুর্নীতি তদন্তে কমিটি: আমাদের খুলনা প্রতিনিধি জানান, সদ্য বিদায়ী উপাচার্য সাইফুদ্দিনের মেয়াদকালে জমি জালিয়াতিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে। ইউজিসির সদস্য মহব্বত খানকে কমিটির আহ্বায়ক এবং ইউজিসির আরেক সদস্য আবুল হাসান এবং মঞ্জুরি কমিশনের উপসচিব ফেরদৌস জামানকে সদস্য করা হয়েছে।