চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১০ দিন ধরে উপাচার্য পদে কেউ নেই। ফলে স্থবির হয়ে পড়েছে চুয়েটের প্রশাসনিক কার্যক্রম।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাসের মেয়াদ শেষ হয়েছে গত ২৮ জানুয়ারি। ১০ দিন আগে এই পদটি শূন্য হলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। চুয়েটের নির্বাহী প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, উপাচার্যের অনুমোদন (স্বাক্ষর) ছাড়া কোনো প্রকৌশল দপ্তরের কোনো প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ফলে আটকে আছে বিভিন্ন প্রকল্পের নথি ও একাধিক ঠিকাদারের বিল।চুয়েটের ক্রয় (প্রকিউরমেন্ট) বিভাগের কর্মকর্তারা জানান, উপাচার্য দ্রব্যাদি ক্রয় কমিটির প্রধান। তাঁর অনুমোদন ছাড়া কোনো নতুন জিনিস কেনা সম্ভব নয়। বর্তমানে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হকেপ) আওতায় পাঁচটি উপ-প্রকল্পের জন্য গবেষণাগারের যন্ত্রপাতি ক্রয়সহ আরও কিছু দ্রব্যাদি কেনা জরুরি। উপাচার্য না থাকার কারণে তা ক্রয় সম্ভব হচ্ছে না।