রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন উপাচার্য নেই। গত ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শাদাত উল্লার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর এই পদে এখন পর্যন্ত নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আর উপাচার্য না থাকায় গত জুলাই মাসে কোনো বেতন-ভাতাও তুলতে পারেননি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, প্রতি মাসের শেষ কার্যদিবসের এক দিন আগে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা স্বাক্ষর করেন উপাচার্য। গত জুলাই মাসের শেষ কার্যদিবসের কয়েক দিন আগে একই সঙ্গে মেয়াদ শেষ হয় উপাচার্য শাদাত উল্লা, সহ-উপাচার্য শহীদুর রশীদ ভূঁইয়া ও কোষাধ্যক্ষ হযরত আলীর। স্বাভাবিকভাবে তাঁরা বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে পারেননি। এ কারণে জুলাই মাসের বেতন-ভাতা তুলতে পারেননি কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আবার শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ক্লাস পরীক্ষা চালু থাকলেও গুরুত্বপূর্ণ তিনটি পদ একসঙ্গে শূন্য থাকায় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। পদ তিনটি পূরণে রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ব্যবস্থাপনা অনুষদের ডিন নূর মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় কেউ বেতন-ভাতা ওঠাতে পারছেন না৷ যে কাউকে বিশ্ববিদ্যালয়ের এই পদগুলোতে নিয়োগ দেওয়া হোক না কেন, বিষয়টি যেন দ্রুত সুরাহা করা উচিত।