কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পক্ষের কর্মকর্তাদের ওপর সহ-উপাচার্য পক্ষের কর্মকর্তারা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়।
আহত তিনজন হলেন উপরেজিস্ট্রার মোরশেদ রহমান ও হারুন উর রশিদ এবং উপাচার্যের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম। তাঁদের মধ্যে শেষের দুজন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপরজন সেখানে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রের ভাষ্য, উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার এবং সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানের সমর্থক আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের আজ পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি ছিল। এই কর্মসূচির প্রাক্কালে এক পক্ষের কর্মকর্তারা অপর পক্ষের কর্মকর্তাদের ওপর হামলা করেন।
বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে উপাচার্যপক্ষের শিক্ষক-কর্মকর্তারা মানববন্ধন করেন। তাঁরা সহ-উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবি করেন।
অন্যদিকে, বেলা ১১টার দিকে সহ-উপাচার্যপক্ষের শিক্ষক-কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে পৃথক মানববন্ধন করেন। তাঁরা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করেন।
হামলায় আহত উপাচার্যপক্ষের কর্মকর্তা মোরশেদ রহমান বলেন, মানববন্ধনে অংশ নিতে যাওয়ার সময় তাঁদের ওপর হামলা হয়। প্রশাসন ভবন থেকে বের হওয়ার সময় সহ-উপাচার্য পক্ষের কর্মকর্তা উপরেজিস্ট্রার আলমগীর হোসেন ও সহ-উপাচার্যের ব্যক্তিগত সহকারী মো. হান্নানের নেতৃত্বে চার-পাঁচজন এই হামলায় অংশ নেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে আলমগীর হোসেন বলেন, উভয় পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি থাকায় একটু হাতাহাতির ঘটনা ঘটেছে।