জাতীয় সংসদে পাস হওয়ার পর গত ৫ অক্টোবর রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন’। এতে বলা আছে, সরকার প্রজ্ঞাপন দিয়ে যে তারিখ ঠিক করবে, সেদিন থেকেই আইনটি কার্যকর হবে। কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়নি কলেজটি। জানা যায়, কে হবেন নতুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য—এ নিয়ে চলছে ঠান্ডা লড়াই। এ জন্যই থেমে আছে প্রজ্ঞাপন। আর এ লড়াইয়ের মাশুল গুনতে হচ্ছে শিক্ষার্থীদের। তিনবার পরীক্ষার তারিখ ঘোষণার পরও তাঁরা পরীক্ষা দিতে পারেননি। এর মধ্যে তাঁরা তিন মাস পিছিয়ে পড়েছেন। গতকাল বুধবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ করেছেন। বিশ্ববিদ্যালয় আইনে বলা আছে, বিধান অনুযায়ী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত কলেজের অধ্যক্ষ উপাচার্যের দায়িত্ব পালন করবেন। সূত্র জানায়, কলেজের বর্তমান অধ্যক্ষ মাসুদ আহমেদ প্রথম থেকেই উপাচার্যের দায়িত্ব পালন করতে চেয়েছেন। কিন্তু সরকারের একটি অংশ তাঁকে চাইছে না। অন্যদিকে কলেজের সাবেক অধ্যক্ষ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধরও এ পদটি চান। এ জন্য তিনি আবার এ কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ পেতে চাইছেন। গতকাল বুধবার তাঁকে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে টেক্সটাইল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।জানা যায়, নিতাই চন্দ্রের কারণেই এত দিন প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে এখনো এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ। অন্যদিকে সুযোগ থাকলেও বর্তমান অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীদের পরীক্ষা নেননি। তিনি চেয়েছিলেন শিক্ষার্থীদের পরীক্ষা আটকে রেখে দ্রুত প্রজ্ঞাপন জারি করাতে।জানা যায়, গত আগস্ট মাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বের শিক্ষার্থীদের এবং অক্টোবরে চতুর্থ পর্বের শিক্ষার্থীদের কোর্স শেষ হয়। শিক্ষার্থীরা জানান, ৪ সেপ্টেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। পরে ওই তারিখ পেছানো হয়। কিন্তু কেন পেছানো হয়, তা তাঁরা জানেন না। পরবর্তী সময়ে ২৩ অক্টোবর পরীক্ষার তারিখ ঠিক করা হয়। এর মধ্যে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্যে আইন পাস হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে, তখন তারা পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয় সরকারি কোনো অনুমতি পায়নি। তখন তৃতীয়বারের মতো পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় ৭ ডিসেম্বর। ওই তারিখেও পরীক্ষার অনুমতি মেলেনি।কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ প্রথম আলোকে বলেন, প্রজ্ঞাপন না হওয়ায় আইনত এটি এখনো বিশ্ববিদ্যালয় হয়নি। তাই নিজেরা পরীক্ষা নিতে পারছে না। আবার এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা শুরু করা হয়, আর এর মধ্যে আইনটি কার্যকর করা হয়, তাহলে পরীক্ষার ফলাফল প্রকাশের বৈধ কর্তৃপক্ষ কে হবে, তা নিয়ে সংকট দেখা দেবে।নিজে উপাচার্যের দায়িত্ব নেওয়ার জন্য পরীক্ষা পেছানো হয়েছে—এমন অভিযোগের উত্তরে মাসুদ আহমেদ বলেন, তিনি সব সময় শিক্ষার্থীদের স্বার্থেই কাজ করেছেন। তিনি চেয়েছেন সময়মতো পরীক্ষা নিতে। কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরের অনুমতি পাননি।নিজে উপাচার্য হতে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়নি বা প্রজ্ঞাপন আটকে রাখা হয়েছে—এমন অভিযোগ অস্বীকার করেছেন মহাপরিচালক নিতাই চন্দ্র। তিনি প্রথম আলোকে বলেন, এখানে তাঁর কোনো হাত নেই। এটি সরকারের সিদ্ধান্ত। টেক্সটাইল কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার বিষয়ে তিনি বলেন, তিনি এটা শুনেছেন। তবে এখনো চিঠি পাননি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই এ প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি আশা করেন।১৯২১ সালে নারিন্দায় প্রতিষ্ঠিত হয় ‘পূর্ব বাংলা টেক্সটাইল ইনস্টিটিউট’। ১৯৬০ সালে এটি তেজগাঁওয়ে স্থানান্তরিত হয়। ১৯৭৮ সালে এটি কলেজে রূপান্তরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে চার বছরের ডিগ্রি দেওয়া শুরু করে ‘কলেজ অব টেক্সটাইল টেকনোলজি’। বর্তমান সরকার এ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্যে সংসদে আইন পাস করে।