উপাচার্য পদত্যাগ করলেও অবরুদ্ধ প্রশাসনিক ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন পদত্যাগ করার নয় দিন পরও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে রাখা হয়েছে।
উপাচার্যের পদত্যাগ বা অপসারণের দাবিতে গত ২০ নভেম্বর থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। দুই মাস ধরে প্রশাসনিক ভবন অবরুদ্ধ থাকায় প্রশাসনিক কাজকর্ম থমকে আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এ বিষয়ে সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমদ বলেন, ‘প্রশাসনিক ভবন অবরুদ্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। প্রশাসনিক ভবন অবরোধমুক্ত করার চেষ্টা করছি আমরা।’
ঐক্য ফোরামের সদস্যসচিব অধ্যাপক মুহাম্মদ কামরুল আহসান বলেন, ‘এ বিষয়ে ঐক্য ফোরামের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে, আনোয়ার হোসেনের পদত্যাগ-প্রক্রিয়া শেষ হলে আমরা আন্দোলন প্রত্যাহার করে প্রশাসনিক ভবনের অবরোধ তুলে নেব।’
আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে এর আগে গত ২০ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে শিক্ষক সমিতি। তখন তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৩ দিন পর প্রশাসনিক ভবন থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষক সমিতি। ২০ নভেম্বর থেকে আবার অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। ১৩ জানুয়ারি আনোয়ার হোসেন তাঁর ব্যক্তিগত সচিবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পদত্যাগপত্র জমা দেন।