উপাচার্য পদত্যাগ না করলে ১ নভেম্বর থেকে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপাচার্যের পদত্যাগের দাবিতে ৩০ অক্টোবর পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আগামী ১ নভেম্বর থেকে তারা সর্বাত্মক ধর্মঘট শুরু করবে।
এ ছাড়া গত মঙ্গলবার দেওয়া অব্যাহতির আদেশ স্থগিত করে দুই প্রভোস্টকে নিজ নিজ দায়িত্বে বহাল রাখার দাবি জানিয়েছে সমিতি।
গতকাল বুধবার শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন এ কথা জানান। গতকাল বেলা ১২টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ওই সভা হয়। ক্লাস-পরীক্ষা এবং প্রশাসনিক কাজ কর্মবিরতির আওতাধীন থাকবে। সভায় দুজন শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ এনে উপাচার্যের বিচার দাবি করা হয়। একই সঙ্গে ৯ অক্টোবর শিক্ষকদের ওপর হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী রাষ্ট্রীয় আইনে বিচার দাবি করেন সমিতির নেতারা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে চলমান সংকটের মধ্যে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
সভায় বলা হয়, ভর্তি পরীক্ষা সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিনের অধীনে হলে কর্মবিরতির মধ্যেও শিক্ষকেরা পরীক্ষার কাজে সহযোগিতা করবেন। তবে বর্তমান পরিস্থিতিতে ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা সম্ভব নয়। তাই ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করে দায়িত্ব এম এ মতিনকে দেওয়ার দাবি জানানো হয়।
এদিকে গতকাল যৌথভাবে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। গত মঙ্গলবার ফোরামের সাধারণ সভায় শিক্ষক সমিতির সঙ্গে যৌথভাবে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শিক্ষাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষক ফোরামের নেতাদের সঙ্গে আলোচনা করেছে।
এ বিষয়ে ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার পর আন্দোলনের কর্মসূচিতে কোনো পরিবর্তন হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফোরামের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।