উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। চলমান আন্দোলন অব্যাহত থাকবে। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক কামরুজ্জামান সরকার এই হুঁশিয়ারি দেন। কামরুজ্জামান বলেন, ফলাফল কেলেঙ্কারি ও বিএনপি-জামায়াতপ্রীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত সোমবার থেকে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে আসছে ঐক্য পরিষদ। এর পরও উপাচার্য কোনো আলোচনায় বসেননি। তিনি বাইরে থেকে মিথ্যাচার করছেন। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।ফলাফল জালিয়াতির প্রমাণ হিসেবে সাংবাদিকদের সামনে একটি অডিও রেকর্ড বাজানো হয়। এতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘যেহেতু ২ দশমিক ৯৭ রেজাল্ট একাডেমিক কাউন্সিলে গেলে প্রথম বিভাগ করা যাবে না, তাই খাতা পুনর্বিবেচনা না করে যেভাবে সম্ভব ২ দশমিক ৯৯ করে একাডেমিক কাউন্সিলে পাঠাতে হবে।’ সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অডিওর ওই কণ্ঠ উপাচার্য সিরাজুল করিমের। এ-ও দাবি করা হয়, ওই বৈঠকে প্রধান পরীক্ষক বশীর আহম্মেদ, পরীক্ষা কমিটির সদস্য রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম, সহ-উপাচার্য গোলাম মর্তুজা প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এখন পর্যন্ত ১৪ জন শিক্ষক তাঁদের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পত্র দিয়েছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পদ থেকে আরও দুজন পদত্যাগ করেছেন। তাঁরা হলেন শহীদ আবদুল হামিদ হলের প্রভোস্ট শামীমুর রহমান ও ছাত্রকল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম।গতকালও সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে মিছিল বের হয়।সংবাদ সম্মেলনে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন পদত্যাগী ছাত্রকল্যাণ পরিচালক শামীমুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আশরাফুল আলম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসিন আলী ও ঐক্য পরিষদের সদস্যসচিব হারুন অর রশীদ।