উপাচার্য পদে আনোয়ার হোসেনের সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই নির্বাচিত উপাচার্য পাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর নতুন উপাচার্য হিসেবে বর্তমান উপাচার্য আনোয়ার হোসেনের সম্ভাবনাই বেশি। সরকারের নীতিনির্ধারক পর্যায়ের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।সূত্রমতে, গতকাল রোববার বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য প্যানেল নির্বাচনের ফল শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর গতকালই উপাচার্য প্যানেলে নির্বাচিত তিনজনের নামের প্রস্তাব-সংবলিত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর উপাচার্য নিয়োগের জন্য প্রস্তাব রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পাঠানো হবে। জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তবে এর বাইরে তিনি কিছু বলতে রাজি হননি।এক পক্ষের আন্দোলনের মুখে গত শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনজনের এই প্যানেলে বেশি ভোট পান আন্দোলনের মুখে গত মে মাসে পদত্যাগ করা সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির, দ্বিতীয় হন বর্তমান উপাচার্য আনোয়ার হোসেন ও তৃতীয় হন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন নূরুল আলম। অর্থাৎ এই তিনজনই উপাচার্য হওয়ার জন্য যোগ্য হলেন। যেখান থেকে একজনকে উপাচার্য করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, বিশ্ববিদ্যালয়ের একজন উপ-রেজিস্ট্রার গতকাল উপাচার্য প্যানেলের ফল মন্ত্রণালয়ে নিয়ে আসেন। এর পরপরই সারসংক্ষেপ তৈরি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের সংশ্লিষ্ট বেশির ভাগ নীতিনির্ধারক আনোয়ার হোসেনকেই আবারও উপাচার্য নিয়োগ দেওয়ার পক্ষে। এ জন্য তাঁর নামটিই বেশি আলোচনায় আছে। তবে বেশি ভোট পাওয়ায় শরীফ এনামুল কবিরকেও কেউ কেউ উপাচার্য করার পক্ষে থাকলেও আন্দোলনের মুখে পদত্যাগ করার কারণে তাঁর বিষয়ে নেতিবাচক ধারণা আছে। ২০০৯ সালে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের উচ্চমহলের নির্দেশে চলতি বছরের ১৭ মে তিনি পদত্যাগ করেন। পরে ২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার দুই মাসের মধ্যেই তিনি উপাচার্য প্যানেল নির্বাচন দেন।