বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপাচার্য পদে মনোনয়ন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ও বাম-সমর্থিত শিক্ষকদের নীল দলের প্যানেল। বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ তিনজনের ওই প্যানেলে রয়েছেন দুই সহ-উপাচার্য নাসরীন আহমাদ ও সহিদ আকতার হুসাইন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এই প্যানেল থেকে একজনকে উপাচার্য পদে নিয়োগ দেবেন। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বিশেষ অধিবেশনে এই প্যানেল মনোনয়ন দেওয়া হয়। তবে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের আগে উপাচার্য প্যানেলের নির্বাচন দেওয়ায় অধিবেশন বয়কট করেছে বিএনপি ও জামায়াত-সমর্থিত শিক্ষকদের সাদা দল। অধিবেশন চলাকালে তাঁরা সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে সাদা দলের ৭০-৮০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।এখন সিনেটের মোট সদস্য ১০৫ জন, আছেন ৫০ জন। এর মধ্যে ৩৬ জন সদস্য উপস্থিত ছিলেন গতকালের অধিবেশনে। উপাচার্য আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অধিবেশনে তিনজনের প্যানেলের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদউদ্দিন আহমদ। সিনেট সদস্য মাকসুদ কামাল এতে সমর্থন জানান। সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন সাংবাদিকদের বলেন, গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের আগেই প্যানেল নির্বাচন অগ্রহণযোগ্য।