উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন হয়েছে। একই প্যানেল থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সিনেটের বিশেষ অধিবেশনে এ নির্বাচন হয়।
নির্বাচনে প্রথম হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম, দ্বিতীয় গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন মো. আবুল হোসেন এবং তৃতীয় সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আমির হোসেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গতকাল বিকেল চারটায় সিনেটের বিশেষ অধিবেশন শুরু হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় ভোট গ্রহণ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রেজিস্ট্রার এবং নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক। সিনেটের ৯৩ জন প্রতিনিধির মধ্যে ভোট দেন ৬৯ জন। উপাচার্য প্যানেল নির্বাচনে অধ্যাপক ফারজানা ইসলাম ও অধ্যাপক আবুল হোসেন ৪০টি করে ভোট পেয়েছেন। অধ্যাপক আমির হোসেন পেয়েছেন ৩৩ ভোট। সমানসংখ্যক ভোট পাওয়ায় অনুষ্ঠিত লটারিতে প্রথম হন ফারজানা ইসলাম এবং দ্বিতীয় হন আবুল হোসেন। নির্বাচিত এ প্যানেল আগামী রোববার শিক্ষাসচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য একটি প্যানেল থেকে অর্থনীতি বিভাগের অধ্যাপক আবদুল বায়েস পেয়েছেন ২৭ ভোট, ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মতিন এবং সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ ২৫টি করে ভোট পেয়েছেন। গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১১-এর ২ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেন এবং তাঁকে ৩০ দিনের মধ্যে বিদ্যমান সিনেট সদস্যদের দিয়ে বিশেষ সভার মাধ্যমে উপাচার্য নিয়োগের প্যানেল তৈরি করে রাষ্ট্রপতির কাছে পাঠানোর নির্দেশ দেন।