উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। কাল শনিবার এ নির্বাচন হওয়ার কথা ছিল।
নির্বাচন স্থগিত চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে আবেদনকারী শিক্ষকদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান, সঙ্গে ছিলেন তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
তৌহিদুল ইসলাম পরে প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিনেটের বৈধতা চ্যালেঞ্জ করে ও সিনেট পুনর্গঠন চেয়ে রিট আবেদন করেছিলেন বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষক। ৫ মে ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল দেন আদালত। এর মধ্যে উপাচার্য প্যানেল মনোনয়নের জন্য নির্বাচনের ঘোষণা দেওয়া হয় এবং শনিবার নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন তিন শিক্ষক। শুনানি শেষে আদালত স্থগিতাদেশ দেন। ২৬ মে এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আলমগীর চৌধুরী বলেন, ‘আগামী মঙ্গলবার পর্যন্ত সিনেটের পূর্বনির্ধারিত বিশেষ সভা স্থগিত করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট পুনর্গঠন করে উপাচার্য প্যানেল নির্ধারণী নির্বাচন সভা সম্পন্ন করার জন্য প্রায় এক মাস আগে হাইকোর্টে রিট আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন।
এদিকে গতকাল দুপুরে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল উপাচার্য প্যানেলে প্রার্থী চূড়ান্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সভা করে। এতে সিনিটের ৩২ জন শিক্ষক প্রতিনিধি ছাড়াও দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য অধ্যাপক সৌরেন বিশ্বাস, অধ্যাপক মাহবুবুর রহমান ও অহিদুল আলম উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন হলুদ দলের আহ্বায়ক অধ্যাপক ইমরান হোসেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৪ জুন বর্তমান উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের মেয়াদ শেষ হবে।