উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে গতকাল মঙ্গলবারও কর্মবিরতিসহ ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন। মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে ওই নির্বাচন দেওয়ার প্রতিবাদে তাঁরা এই আন্দোলন করছেন। তবে এ কর্মসূচির কারণে বিভিন্ন বিভাগে ক্লাস হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা গতকাল পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্লাস বর্জন ও ধর্মঘট কর্মসূচি শুরু করেন। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। কর্মসূচিতে ওই সংগঠনের আহ্বায়ক এম এ মতিন, যুগ্ম আহ্বায়ক মুহম্মদ হানিফ আলী, শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুন, সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন, নাসিম আখতার হোসাইন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন সাজেদ আশরাফ করিম প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষকদের এ কর্মসূচির কারণে গতকাল নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, প্রত্নতত্ত্ব বিভাগের ক্লাস হয়নি। দর্শন, ইংরেজি, অর্থনীতি, লোকপ্রশাসন বিভাগের কয়েকটি কোর্সেরও ক্লাস হয়নি। প্রশাসনিক ভবনেও দাপ্তরিক কাজ করতে পারেননি উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে উপাচার্য তাঁর নিজ বাসভবনের কার্যালয়ে দাপ্তরিক কাজ সম্পন্ন করছেন বলে জানা গেছে। একই দাবিতে আজ বুধবার শিক্ষকেরা কর্মবিরতিসহ সর্বাত্মক ধর্মঘট এবং কাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অবরোধ ও প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবেন।আন্দোলনকারী শিক্ষকেরা জানান, ক্লাস বর্জন কর্মসূচি পালন করলেও পরীক্ষাসমূহ তাঁদের কর্মসূচির বাইরে রাখা হয়েছে। এম এ মতিন প্রথম আলো বলেন, একটি পক্ষের স্বার্থ উদ্ধারের লক্ষ্যেই উদ্দেশ্যমূলকভাবে মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্যদের নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়া হয়েছে। দাবি আদায়ে তাঁদের আন্দোলন চলবে।উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, উপাচার্য প্যানেল নির্বাচন পূর্বঘোষিত সময় অনুসারেই হবে। তিনি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আন্দোলনকারী শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান।