জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে শিক্ষকদের কর্মসূচি শুরু
মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। কর্মসূচি চলাকালে প্রশাসনিক ভবনে প্রবেশ ও বাইরে বের হওয়ার বিষয়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ একাধিক শিক্ষকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সাত দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে প্রশাসনিক ভবনের সামনের দুটি সড়কে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকেরা। দুপুর ১২টার দিকে তাঁরা প্রশাসনিক ভবনে প্রবেশের তিনটি ফটকের সামনে অবস্থান নেন। এ সময় প্রশাসনিক ভবনে কেউ ঢুকতে ও বের হতে পারেননি। কর্মসূচিতে ‘সমিঞ্চলিত শিক্ষক পরিষদ’ সংগঠনের আহ্বায়ক অধ্যাপক এম এ মতিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক কে এম মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুর একটার দিকে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন সেমিনারে যোগ দিতে তাঁর কার্যালয় থেকে বের হয়ে ভবনের মূল ফটকের সামনে আসেন। এ সময় সেখানে অবস্থানকারী শিক্ষকদের তিনি সেমিনারের বিষয়টি অবহিত করে সেখানে তাঁদের যেতে দেওয়ার জন্য অনুরোধ জানান। তবে শিক্ষকেরা তাঁদের অবস্থান কর্মসূচি চলছে জানিয়ে ফটকের সামনে থেকে সরে যেতে অপারগতা প্রকাশ করেন। এ সময় উপাচার্য প্রশাসনিক, একাডেমিক ও গবেষণা কার্যক্রম বিঘ্নিত করে এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য শিক্ষকদের অনুরোধ জানান। তবে শিক্ষকেরা অভিযোগ করেন, উপাচার্য অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে আসায় এই বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর কোনো দরদ নেই। এ সময় শিক্ষকদের সঙ্গে উপাচার্যের উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে জানা গেছে। বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন সমিঞ্চলিত শিক্ষক পরিষদ। সেখানে তাঁরা দাবি আদায়ে কর্মসূচির দ্বিতীয় দিন আজ রোববার ও কাল সোমবার সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ, মঙ্গল ও বুধবার কর্মবিরতিসহ সর্বাত্মক ধর্মঘট এবং বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অবরোধ ও প্রশাসনিক ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেন। ‘সমিঞ্চলিত শিক্ষক পরিষদ’ সংগঠনের আহ্বায়ক অধ্যাপক এম এ মতিন প্রথম আলোকে বলেন, প্রশাসন যদি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাইত, তাহলে সবার মতামতকে প্রাধান্য দেওয়া হতো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আশা করছি, সবার সহযোগিতার মধ্য দিয়ে সুষ্ঠুভাবেই নির্বাচন সম্ভব হবে।’