উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে সাত দিনের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাকসু নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। দাবি আদায়ে কর্মবিরতি, অনশনসহ সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা এসব কর্মসূচি ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক গতকাল দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন এবং বেলা দুইটা পর্যন্ত সেখানে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ সংগঠনের আহ্বায়ক অধ্যাপক এম এ মতিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাজেদ আশরাফ করীম, অধ্যাপক নাসিম আখতার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে কোনো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী প্রশাসনিক ভবনে প্রবেশ ও বের হতে পারেননি। পরে বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করেন তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক এম এ মতিন বলেন, ছয় মাস ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা বন্ধ রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। বর্তমান উপাচার্য বিভিন্ন গণমাধ্যমে জাকসু নির্বাচনসহ ৭৩-এর অধ্যাদেশ অনুসারে সব পর্যায়ে নিরপেক্ষ এবং গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়নে মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাকসু নির্বাচনের পর উপাচার্য প্যানেল নির্বাচন করতে হবে। এ সময় তিনি ২০ জুলাই উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে কাল শনিবার সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও সমাবেশ এবং বিকেল তিনটায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়, রোববার ও সোমবার সকাল সাড়ে সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ, মঙ্গল ও বুধবার কর্মবিরতিসহ সর্বাত্মক ধর্মঘট এবং বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অবরোধ ও প্রশাসনিক ভবনের সামনে অনশন। এদিকে গতকাল জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিক্ষকদের একাংশের বিভিন্ন কর্মসূচির কারণে প্রশাসনিক, একাডেমিক ও গবেষণা কার্যক্রম নানাভাবে বিঘ্নিত হচ্ছে বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে সচেতন থেকে প্রশাসনিক দপ্তর, অনুষদ, বিভাগ ও গবেষণাগারের প্রবেশদ্বার অবরোধ করে যাতায়াত ও স্বাভাবিক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি না করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়। অধ্যাপক এম এ মতিন বলেন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে সবার মতামত নিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, উপাচার্য প্যানেল নির্বাচনের ক্ষেত্রে ৭৩-এর অধ্যাদেশই অনুসরণ করা হবে। শিক্ষকেরা তাঁদের দাবির বিষয়টি অবহিত করেছেন।