উপাচার্য প্যানেল নির্বাচন ২০ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০ জুলাই ‘তিন সদস্যের উপাচার্য প্যানেল’ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যথাসময়ে নির্বাচনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ সংগঠনের শিক্ষকেরা। তবে সিনেটের ১৫ জন সদস্য মেয়াদোত্তীর্ণ হওয়ায় তাঁদের নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন যৌক্তিক হবে না উল্লেখ করে নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে শিক্ষক সমিতির একটি অংশ। প্যানেল নির্বাচন স্থগিত করার দাবিতে গতকাল সোমবার সকাল ১০টায় উপাচার্য মো. আনোয়ার হোসেনের কার্যালয়ে অবস্থান নেন শিক্ষক সমিতির একাংশের নেতারা। সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন ও সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিনের নেতৃত্বে শিক্ষক সমিতির ওই অংশ উপাচার্যের সঙ্গে দেখা করে তাঁদের যুক্তি তুলে ধরেন।তবে, শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’ উপাচার্য মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সবার সম্মিলিত দাবির বিষয়টি বিবেচনা করেই উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, ’৭৩-এর অধ্যাদেশ অনুসারেই বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে। অধ্যাদেশে সিনেট সদস্যদের মেয়াদসংক্রান্ত বিষয়টিতে যেভাবে বলা হয়েছে, তা-ই অনুসরণ করা হবে।