চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচালনাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের প্যানেল প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ১৪ জুলাই সিটি করপোরেশনের মেয়রকে এ চিঠি দেওয়া হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি ও ইউজিসির চিঠির বিষয়বস্তু নিয়ে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন ও ঊর্ধ্বতন দুই কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।
এদিকে ইউজিসির চিঠিতে একটি চার্টার্ড অ্যাকাউনটেন্ট (সিএ) প্রতিষ্ঠান দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০১১ থেকে ২০১৪ সালের হিসাব নিরীক্ষা করতে বলা হয়েছে। চিঠিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রাস্টি বোর্ড প্রসঙ্গে বলা হয়েছে, ট্রাস্ট অ্যাক্ট-১৮৮২ ও সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ অনুযায়ী বর্তমান ট্রাস্টি বোর্ড নিবন্ধন করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন করতে বলা হয় চিঠিতে।
সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ প্রথম আলোকে বলেন, খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হবে। এরপর সভা করে প্যানেল প্রস্তাব ঠিক করা হবে।
চট্টগ্রামের আন্দরকিল্লার নগর ভবনের মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত গতকালের বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ।