সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ভবনে তালা দিয়ে আবারও আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান নজরুল ইসলামের অপসারণের দাবিতে গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, ক্যাম্পাসে গতকাল বেলা পৌনে ১১টার দিকে মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন। পরে সোয়া ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আমরণ অনশন শুরু করেন তাঁরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস। বিকেল পাঁচটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অনশন চলছিল।শিক্ষার্থীরা অভিযোগ করেন, বাধ্যতামূলক ছুটির কথা বলে প্রশাসন প্রকৃতপক্ষে নজরুল ইসলামকে নৈমিত্তিক ছুটি দিয়েছে। তিনি কয়েকটি সেমিস্টারের শিক্ষার্থীদের ফলাফলের নথিতে স্বাক্ষর করছেন না এবং শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রথম আলোকে বলেন, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানকে কাজ চালিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে।শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সম্প্রতি ওই অনুষদ ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান নজরুল ইসলাম ছুটিতে যান। কর্তৃপক্ষ তাঁর স্থলে উপাচার্য মো. সালেহ উদ্দিনকে ডিনের এবং বিভাগের শিক্ষক সৈয়দ তৌফিক মাহমুদ হাসানকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব দেয়।