সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাংশ গতকাল মঙ্গলবারও উপাচার্যবিরোধী আন্দোলন কর্মসূচি পালন করেছে। বেলা ১১টা থেকে আন্দোলনকারী শিক্ষকেরা দুই ঘণ্টা উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত এক পত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সব ধরনের আন্দোলন কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বান-সংবলিত পত্রে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছিল। এর মধ্যে উপাচার্যকে সব শিক্ষককে নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার পাশাপাশি সিন্ডিকেট বৈঠক ও একাডেমিক কাউন্সিলের সভা করারও অনুরোধ জানানো হয়।
এ ব্যাপারে আন্দোলনকারী শিক্ষকদের নেতা ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ শামসুল আলম বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। কর্মসূচি স্থগিত করার ব্যাপারে মন্ত্রণালয়ের আহ্বানের বিষয়টি নিয়ে শিক্ষকেরা বৈঠকে বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।