
মু. আবুল কাসেম গতকাল রোববার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের এই অধ্যাপককে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর ১ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত আদেশ জারি করে।
মু. আবুল কাসেমকে চার বছর মেয়াদের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মু. আবুল কাসেম ১৯৭৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে লেকচারার এবং ১৯৮১ সালে কৃষি সম্প্রসারণ ও শিক্ষক প্রশিক্ষণ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।
উপাচার্য মু. আবুল কাসেম গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীরা তাঁকে অভিনন্দন জানান। গতকাল তিনি বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষকদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁর কার্যালয়ে এসে নতুন উপাচার্যকে শুভেচ্ছা জানান। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধান এবং সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।