রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের অপদস্থের ঘটনায় ষষ্ঠ দিনের মতো ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন, কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিভাগ।
ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের ৫২টি বিভাগের সভাপতিরা। এ সময় বিভাগগুলোতে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করেননি তাঁরা।
এ ছাড়া পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় বিভাগে কোনো ক্লাস অনুষ্ঠিত না হলেও কয়েকটি বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বুধবার একই কর্মসূচি পালন করে বিভাগটি। আগামীকাল শনিবার থেকে বিভাগের ক্লাস স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে বলে জানান সমাজবিজ্ঞান বিভাগে সভাপতি ওয়ারদাতুল আকমাম।
গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ। পৃথক ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভাগ দুটির পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।