উপাচার্যকে অপসারণের দাবি শিক্ষক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফকে অপসারণ করতে বিশ্ববিদ্যালয়ের আচার্য (রাষ্ট্রপতি) ও প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি। একই সঙ্গে যত দিন উপাচার্যের অপসারণ না হবে, তত দিন তাঁর দপ্তরের সামনে কালো পতাকা ঝুলবে। গতকাল বুধবার বিকেলে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
চার দফা দাবিতে ৮ মার্চ থেকে উপাচার্যকে তাঁর দপ্তরে ঢুকতে দিচ্ছে না শিক্ষক সমিতি। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
আন্দোলনরত শিক্ষকেরা জানিয়েছেন, অবৈধ নিয়োগপ্রক্রিয়া বাতিল, নিয়োগ-বাণিজ্য সিন্ডিকেট ও আত্মীয়করণের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষক ডরমিটরিতে নিরাপত্তা প্রদান ও শিক্ষকের বাসায় ডাকাতির বিচারের দাবি পূরণ না হওয়ায় চার দফা দাবি নিয়ে ৮ মার্চ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নেয় শিক্ষক সমিতি। গতকাল সকাল নয়টায় শিক্ষক সমিতির নেতারা উপাচার্যের দপ্তরের সামনে কালো পতাকা টানিয়ে দেন। বিকেল পাঁচটা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান নেন। শিক্ষক সমিতির আন্দোলনের কারণে গতকালও উপাচার্য তাঁর দপ্তরে যাননি। তবে তিনি বাংলোতে বসে দাপ্তরিক কাজ করছেন বলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপীদাস নিশ্চিত করেছেন।
উপাচার্যের দপ্তরের সামনে থেকে অবস্থান কর্মসূচির পর বিকেল পাঁচটায় প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভা হয়। সমিতির সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মো. শামীমুল ইসলাম প্রমুখ। সভা শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্যকে অপসারণের দাবি জানান শিক্ষক নেতারা।
উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘সরকার আমাকে নিয়োগ দিয়েছে। শিক্ষক সমিতি আমার অপসারণ চাওয়ার কে? ওরা আমার বিরুদ্ধে অবাঞ্ছিত কিংবা বাঞ্ছিত যা-ই বলুক, আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।’