রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকারপন্থী শিক্ষকদের ‘হয়রানি’ বন্ধে উপাচার্যকে সাত দিনের আলটিমেটাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
‘দলীয় শিক্ষকদের হয়রানির পরিপ্রেক্ষিতে দলের করণীয়’ শীর্ষক ওই বৈঠক বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবনে ২৪৫ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, প্ল্যানিং কমিটির সভায় অনুপস্থিত থাকার জন্য ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চারজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম সম্পর্কে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা এবং আইনমন্ত্রীকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর আইন মন্ত্রণালয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইন বিভাগের শিক্ষক শিবলী ইসলামকে সাময়িক বহিষ্কার করে রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এসব ঘটনাকে দলীয় শিক্ষকদের হয়রানি বলে মনে করছে প্রগতিশীল শিক্ষক সমাজ। বৈঠকে ১৪-১৫ জন শিক্ষক বক্তব্য দেন।
প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমেদ বলেন, কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার, আইসিটি আইনের মামলা প্রত্যাহার এবং শিক্ষকের বিরুদ্ধে বহিষ্কারাদেশ তুলে নেওয়ার জন্য বৈঠকে দাবি ওঠে। উপাচার্যের সঙ্গে দেখা করে এসব দাবি পূরণে সাত দিনের সময় দেওয়া হবে। উপাচার্য বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাইরে আছেন। তিনি ফিরলে তাঁর সঙ্গে দেখা করে দাবিগুলো জানানো হবে।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র বলছে, দুবার প্ল্যানিং কমিটির সভার আলোচ্যসূচি থেকে শিক্ষক নিয়োগের বিষয়টি প্রত্যাহার করে নেওয়া হয়। তৃতীয়বার প্ল্যানিং কমিটির সভা ডাকা হলেও চার শিক্ষক চিঠি গ্রহণ করেননি। এ জন্য তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আইসিটি আইনে মামলা করার আগে ওই শিক্ষকের ব্যাখ্যা জানতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তিনি কোনো জবাব না দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করে প্রশাসন। আইন মন্ত্রণালয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়। মন্ত্রণালয় অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার পর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আইনি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যতদূর শুনেছি তাঁরা যেসব বিষয়ের কথা বলছেন, তা শিক্ষকদের ব্যক্তিগত বিষয়। বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশাসনিকভাবে নিয়ম অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে কারওর কোনো আপত্তি বা অভিযোগ থাকলে সেই ব্যক্তিরই বলা উচিত। এটা দলীয় বিষয় নয় এবং দলের কাজও নয়। তারপরও শিক্ষকেরা কী বলতে চান, সেটা শোনার পরই আমার পূর্ণাঙ্গ বক্তব্য বলতে পারব।’