উপাচার্যকে ককটেল নিক্ষেপ: আসামি ছাত্রদলের পাঁচ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে লক্ষ্য করে গত বৃহস্পতিবার ককটেল নিক্ষেপের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই মো. সাহেব আলী বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন।আসামিরা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসির, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক করিম সরকার।মামলার এজাহারে বলা হয়েছে, আজিজুল বারী হেলাল, ওবায়দুল হক নাসির ও করিম সরকার আকস্মিকভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ছাত্রদলের ডাকা ধর্মঘট সফল করার জন্য টুকু ও আলীমের নির্দেশে তাঁরা এ বিস্ফোরণ ঘটান। এ সময় ঘটনাস্থলে উপাচার্য উপস্থিত ছিলেন।উপাচার্যকে লক্ষ্য করে ককটেল ছোড়ার ঘটনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যাম্পাসে মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কর্মচারী সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন পৃথক বিবৃতি দিয়েছে।