উপাচার্যকে দপ্তরে ঢুকতে দেয়নি শিক্ষক সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ নিয়োগপ্রক্রিয়া বাতিল, নিয়োগ-বাণিজ্য সিন্ডিকেট ও আত্তীকরণের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষক ডরমিটরিতে নিরাপত্তা প্রদান ও শিক্ষকের বাসায় ডাকাতির বিচারের দাবি পূরণ না হওয়ায় গতকাল বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর দপ্তরে ঢুকতে দেয়নি শিক্ষক সমিতি। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নেন।
তবে দুপুরে উপাচার্য তাঁর দপ্তরে ঢুকতে গেলে শিক্ষক সমিতির বাধার মুখে ফিরে যান। এরপর তিনি অন্য একটি কক্ষে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভা করে নিজ বাংলোয় ফেরেন। আন্দোলনরত শিক্ষক সমিতির নেতারা বলেন, ‘শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যের প্যানেল পরাজিত হওয়ার পর তিনি একনায়কতন্ত্র চালু করেন। তাই আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
এ প্রসঙ্গে উপাচার্য মো. আলী আশরাফ গতকাল বুধবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নিজ দপ্তরে প্রবেশ করতে গিয়ে দেখি, আমার দরজার সামনে চেয়ার পেতে বসে আছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সেখানে আমি তাঁদের বলেছি, তোমরা আমাকে উপাচার্য মানো আর না মানো, আমি এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাকে অবাঞ্ছিত করার কোনো অধিকার নেই। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরকারের কাছে গিয়ে বলো। অনিয়ম ও দুর্নীতির যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তার সপক্ষে প্রমাণ দেওয়া হোক। প্রমাণ ছাড়া এ ধরনের আন্দোলন কোনোভাবেই কাম্য নয়।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শিক্ষক সমিতির নেতারা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টায় উপাচার্য তাঁর দপ্তরে ঢুকতে চাইলে ফটকের সামনে শিক্ষকেরা তাঁকে বাধা দেন। এরপর তিনি সেখান থেকে ফিরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অর্থ কমিটির সভায় উপস্থিত হন। বেলা ১টা ৩০ মিনিটে অর্থ কমিটির সভা শেষ হলে তিনি নিজ বাংলোয় ফিরে যান।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একের পর এক শিক্ষকদের ওপর হামলা করা হয়। শিক্ষকদের বাসায় হামলা চালানো হয়। শিক্ষকদের আবাসিক কোয়ার্টার (ডরমিটরি) থেকে ল্যাপটপ কম্পিউটার ও টাকা চুরি হয়। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী কেউ নিরাপদ নয়। উপাচার্য শিক্ষক সমিতির সঙ্গে সব সময় অশোভন আচরণ করেন। তিনি আমাদের আগের ছয় দফা দাবি বাস্তবায়ন করেননি। নতুন করে চার দফা দাবি দেওয়া হলেও সেগুলোর কোনো সুরাহা করেননি। গত মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত তাঁকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। ওই সময়ের মধ্যে তিনি দাবি পূরণ করেননি। তাই আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। একই সঙ্গে দপ্তরে ঢুকতে বাধা দিয়েছি। দাবি মানা না হলে এ কর্মসূচি অব্যাহত থাকবে।
এর আগে গত জানুয়ারি মাসে শিক্ষক সমিতি ছয় দফা বাস্তবায়নের দাবিতে টানা ১৮ দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখে।