উপাচার্যকে পদত্যাগে দুই দিনের সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়াকে পদত্যাগ করতে আগামীকাল শনিবার পর্যন্ত দুই দিনের সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকেরা। তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ‘শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা’র ব্যানারে কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা।
উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’। বেলা একটার দিকে কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস তাঁদের শরবত পান করিয়ে অনশন ভাঙান। অনশন শেষে আগামীকালের মধ্যে উপাচার্যকে পদত্যাগের সময় দেন তাঁরা। এর মধ্যে পদত্যাগ না করলে রোববার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালনের নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারী শিক্ষক ফোরামের আহ্বায়ক সামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আন্দোলনকারী শিক্ষকদের প্রতীকী অনশন চলার মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিভাগের শতাধিক শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। পরে মিছিল করে আন্দোলনকারী শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন তাঁরা।
ছাত্রলীগের হাতে শিক্ষক এবং শিক্ষকের হাতে উপাচার্য লাঞ্ছিত‘এক দফা এক দাবি, ভিসি ছাড়ো শাবিপ্রবি’ স্লোগান তুলে এই শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে এ অবস্থান বেলা একটার দিকে শেষ হয়।
উপাচার্যের বক্তব্য: পদত্যাগের সময় বেঁধে দেওয়া ও শিক্ষকদের পাশাপাশি কিছু শিক্ষার্থীর একাত্মতা প্রকাশ করার প্রতিক্রিয়ায় উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘এটা স্পষ্ট, অনেকগুলো বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মাত্র দু-একটি বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। এই শিক্ষার্থীরা কোথা থেকে এসে শিক্ষকদের পাশে এসে বসল? উনাদের সমর্থন ছাড়া কি ছাত্ররা এসে এভাবে শিক্ষকদের পাশে বসতে পারে? শিক্ষার্থীদের উসকে দেওয়া হচ্ছে, এটা একেবারেই ঠিক হয়নি।’
আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশ করে উপাচার্য বলেন, ‘এর আগে তাঁরাই বলেছেন, শিক্ষকদের আন্দোলনে ছাত্রদের সংশ্লিষ্ট করা ঠিক হয়নি। তাহলে আজকে উনারা এটা কী করলেন?’
উল্লেখ্য, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু করে সরকার-সমর্থক শিক্ষকদের একটি অংশ। আবার তাঁদের এ আন্দোলনকে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পাঁয়তারা আখ্যা দিয়ে সরকার-সমর্থক শিক্ষকদের অপর অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ উপাচার্যের পক্ষে অবস্থান নেয়।
ওদিকে আন্দোলনরত শিক্ষকদের আন্দোলন থেকে সরে দাঁড়ানোর দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে আন্দোলন শুরু করে ছাত্রলীগও। এই আন্দোলন-পাল্টা আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে থাকায় শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ আগস্ট এক নির্দেশনায় আন্দোলনরত শিক্ষকদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে বিশ্ববিদ্যালয় সচল রাখার আহ্বান জানায়।
এরই মধ্যে গত রোববার সকালে আন্দোলনকারী শিক্ষকদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর আগে আন্দোলনরত শিক্ষকদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন: খুলনা প্রতিনিধি জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বেলা ১১টার দিকে ক্যাম্পাসের হাদী চত্বরে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকেরা ওই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার দাবি করেন।