উপাচার্যকে প্রত্যাহারের দাবিতে কাল থেকে আবার ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহারের দাবিতে শিক্ষক সমিতির বেঁধে দেওয়া সময় গতকাল রোববার শেষ হয়েছে। তাই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কাল মঙ্গলবার থেকে আবারও ধর্মঘটে যাচ্ছে সমিতি।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার জানান, ধর্মঘটের আওতায় থাকবে সব ধরনের ক্লাস-পরীক্ষা, প্রশাসনিক কর্মকাণ্ড ও বিশ্ববিদ্যালয়ের যানবাহন।

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষক ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান গতকাল জানান, উপাচার্যকে প্রত্যাহার করা না হলে তাঁরাও শিক্ষক সমিতির সঙ্গে যৌথভাবে আন্দোলনে যাবেন।

উপাচার্যকে প্রত্যাহারের ব্যাপারে সরকারের কেউ যোগাযোগ করেছিল কি না জানতে চাইলে অজিত কুমার মজুমদার বলেন, ‘আমাদের সঙ্গে এখনো কেউ যোগাযোগ করেনি। তাই শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ২২ অক্টোবর (মঙ্গলবার) থেকে ধর্মঘট শুরু হবে। ধর্মঘট শুরুর আগে সমিতির কার্যনির্বাহী পরিষদের একটি সভা হবে।’

উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির মধ্যে ৯ অক্টোবর সিন্ডিকেট সভা অনুষ্ঠানকে কেন্দ্র করে উপাচার্য দুজন শিক্ষককে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করে সাধারণ শিক্ষক ফোরাম।

তবে উপাচার্য অভিযোগ অস্বীকার করে বলেন, আন্দোলনকারী শিক্ষকেরা তাঁকে লাঞ্ছিত করেছেন। ওই দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা দুই দফায় উপাচার্যের পদত্যাগের দাবিতে ফোরামের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকদের ওপর হামলা চালান।

শিক্ষক লাঞ্ছনা ও ছাত্রলীগের হামলার ঘটনায় শিক্ষক সমিতি ওই দিনই আচার্যের কাছে ২০ অক্টোবরের (গতকাল) মধ্যে উপাচার্যকে প্রত্যাহার ও বিচারের দাবি জানায়। শিক্ষকদের ওপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় বিধি ও রাষ্ট্রীয় আইনেও বিচারের দাবি জানানো হয়।

ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু: শিক্ষকদের আন্দোলনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য টেলিটকের সিম ব্যবহার করে আবেদন করতে হবে। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এবার পাঁচটি অনুষদে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি বিভাগের জন্য আবেদনপত্রের মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা।

তবে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ও আইন অনুষদের ভর্তি পরীক্ষার আবেদনপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

আগামী ২ থেকে ৯ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admission থেকে।