ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফা ভর্তি পরীক্ষার দাবি
উপাচার্যকে বিতর্কে অংশ নিতে আহ্বান জানাবেন শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁদের দাবির বিষয়ে বিতর্কে অংশ নিতে উপাচার্যের প্রতি আহ্বান জানাবেন। তিনি এতে রাজি না হলে তাঁরা আগামীকাল রোববার উপাচার্যের কার্যালয় ঘেরাও করবেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এই সমাবেশ থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়। ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে যাওয়ার সময় শাহবাগে পুলিশি হামলার বিচারের দাবিতে এ সমাবেশ হয়। সমাবেশে ওই দিন দুই ছাত্রীকে পেছন থেকে লাথি মারার ঘটনায় শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেনের শাস্তির দাবি জানানো হয়। নতুন কর্মসূচি ঘোষণার সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করা রিয়াজুল ইসলাম বলেন, রোববার সকাল ১০টায় উপাচার্যের সঙ্গে তাঁরা আলোচনা করতে যাবেন।