উপাচার্যকে বিতর্কের আহ্বান জানাবেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁদের দাবির বিষয়ে বিতর্কে অংশ নিতে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রতি আহ্বান জানাবেন। তিনি এতে রাজি না হলে তাঁরা আগামী রোববার উপাচার্যের কার্যালয় ঘেরাও করা হবে বলে তাঁরা জানিয়েছেন।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে যাওয়ার সময় শাহবাগে পুলিশি হামলার বিচারের দাবিতে এ সমাবেশ হয়।
সমাবেশে ওই দিন দুই ছাত্রীকে পেছন থেকে লাথি মারার ঘটনায় শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেনের শাস্তির দাবি জানানো হয়।
নতুন কর্মসূচি ঘোষণার সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করা রিয়াজুল ইসলাম বলেন, আগামী রোববার সকাল ১০টায় উপাচার্যের সঙ্গে তাঁরা আলোচনা করতে যাবেন। সেখানে গণমাধ্যমের সামনে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্তের পক্ষে যুক্তি উপস্থাপনের আহ্বান জানানো হবে। তাঁরাও তাঁদের দাবির পক্ষেও যুক্তি দেবেন। কিন্তু উপাচার্য এ প্রস্তাবে রাজি না হলে তাঁর কার্যালয় ঘেরাও করা হবে।
নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা জনি হাসান প্রথম আলোকে বলেন, কাল শনিবার তাঁরা আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করার অনুমতি চাইবেন। এতে তিনি সাড়া দিলে তাঁর সঙ্গে বিতর্ক হবে, রাজি না হলে তাঁর কার্যালয় ঘেরাও করা হবে।