উপাচার্যকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুষ্কৃতকারীরা। গতকাল মঙ্গলবার রাত সোয়া নয়টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে উপাচার্যের মুঠোফোনে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে এবং কল করে এ হুমকি দেওয়া হয়। উপাচার্য জানান, ঢাকায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে রাতে ক্যাম্পাসে ফেরার পথে একই নম্বর থেকে দুই দফায় কল করে এবং এসএমএস পাঠিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেয় অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতকারীরা। রাত সাড়ে ১০টার দিকে তিনি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। শরীফ এনামুল কবির প্রথম আলোকে বলেন, সন্ত্রাস ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের গৃহীত পদক্ষেপের কারণেই এ ধরনের হুমকি দেওয়া হয়ে থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সম্প্রতি যাদের বহিষ্কার করা হয়েছে, তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাঁর ধারণা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, যারা উপাচার্যকে হুমকি দিয়েছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।