উপাচার্যকে রুটিন দায়িত্ব পালনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের একাংশের আন্দোলনের মুখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়াকে কেবল রুটিন (নিয়মমাফিক) দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে কাউকে নিয়োগ বা নতুন দায়িত্ব না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের একটি প্রতিনিধিদল দেখা করতে গেলে মন্ত্রী তাঁদের এই নির্দেশের কথা জানান। একই সঙ্গে মন্ত্রী শিক্ষকদের আন্দোলনের গতি-প্রকৃতি যাতে শোভনীয় থাকে সেদিকে লক্ষ রাখার পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কাজে আত্মনিয়োগ করার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে শিগগিরই উপাচার্যকে ডাকা হবে বলেও জানান মন্ত্রী।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ এনে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন সরকার সমর্থক শিক্ষকদের একাংশ। তাঁদের মধ্যে আট সদস্যদের একটি প্রতিনিধিদল আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। ওই প্রতিনিধিদলে ছিলেন সৈয়দ শামসুল আলম, ইয়াসমিন হক, মো. ইউনুস, আনোয়ারুল ইসলাম, আবদুল গণি, সৈয়দ হাসানুজ্জামান, দীপেন দেবনাথ ও ফারুক উদ্দিন।