ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ককটেল ছুড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। ককটেলটি তাঁর কাছ থেকে সামান্য দূরে বিস্ফোরিত হয়। তবে তাঁর কোনো ক্ষতি হয়নি।আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সন্ধ্যায় সংগীতানুষ্ঠান শেষে ফরাসি দূতাবাসের লোকজনকে বিদায় জানাতে তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পাশে দাঁড়িয়েছিলেন। তখন তাঁর কাছ থেকে এক হাত দূরে ককটেলটি বিস্ফোরিত হয়। উপাচার্যের ধারণা, ছাত্র ধর্মঘট সামনে রেখে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে কেউ এ কাজ করতে পারে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, কেউ একজন ককটেলটি ছুড়ে পালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে নির্মাণাধীন ছাত্রী হলটির নাম পরিবর্তন করার প্রতিবাদে ছাত্রদল আজ শনিবার ও আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে। ২০০৫ সালের ২৮ জুন সিনেট ওই ছাত্রীনিবাসের নাম তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছিল। তবে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে ওই নাম বদলে ‘বেগম সুফিয়া কামাল হল’ রাখার সিদ্ধান্ত হয়।